র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শাহিদুর রহমান বলেছেন, দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনও ধরনের কার্যক্রম আমরা হতে দেবো না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি জানান, গত দেড় বছরে জুলাই আগস্টের পরে একটা ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল। তখন থেকেই দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম, আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেমন পরিবেশ দরকার আমরা সেই পরিবেশে নিয়ে আসতে সক্ষম হবো।
তিনি বলেন, আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে। আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারবো।
তিনি আরও বলেন, কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে সবসময় সতর্ক আছি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, দাবি আদায়ের নামে বা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনও ধরনের কার্যক্রম আমরা হতে দেবো না।
একেএম শাহিদুর রহমান জানান, আমরা চাই, এ দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে। তাদের স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া সেখানে যেন কোনও ধরনের বাধা না আসে। সেসব বিষয়ে আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখবো।




