কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর আজিমপুর কবরস্থান জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) তিনি আজিমপুর কবরস্থানে যান।
কবরস্থানে পৌঁছে ডা. শফিকুর রহমান ভাষাশহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, ‘৪৭ থেকে ২৪ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করেছি।’
‘দেশের জন্য জীবন উৎসর্গকারীদের সবার প্রেরণা’ উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘মানুষের অধিকারের লড়াই অব্যাহত থাকবে। তরুণ–যুবকদের স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে যাব।’
এর আগে একুশের প্রথম প্রহরে ১১–দলীয় জোটের নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে জোটের অন্যান্য সংসদ সদস্য, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।




