Uncategorized

‘মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনও হুমকি নেই’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনও হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনার এলাকায় সব ধরণের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো এলাকা ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভির আওতায় আনা হয়েছে। এছাড়া সারা দেশের সব জায়গায় শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আজ‌ থে‌কে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনও ধরণের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। অগ্রিম পদক্ষেপ হিসেবে র‌্যাবের সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য অবজারভেশন পোস্ট, ওয়াচ টাওয়ার এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে র‌্যাব অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় ক‌রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

এছাড়াও ঢাকা মহানগরীসহ অন্যান্য মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর, জেলা ও উপজেলাসহ দেশের যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অমর একুশে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে সব শিক্ষাপ্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারিসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‌্যা‌বের ডি‌জি জানান, শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নি‌য়ে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করবে। পাশাপাশি যেকোনও উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত দল বা সংগঠনের সদস্যরা যাতে শহীদ মিনার অঙ্গনে প্রবেশ করে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে র‌্যাব সবসময় তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, শহীদ মিনার সংলগ্ন এলাকাকে নজরদা‌রির আওতায় আনতে সিসিটিভি এবং মনিটরিং কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখন থেকে বিভিন্ন দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কোনও ধরনের কার্যক্রম করতে দেওয়া হবে না।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button