রাজধানীতে পৃথক ঘটনায় হাজারীবাগ এবং কদমতলীতে দুজনের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া হাতিরঝিল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে তাদের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানার পুলিশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শুক্রবার তাদের ময়নাতদন্ত করা হয় হয়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাসনাইন সোহান জানিয়েছেন, মেট্রো হাউজিংয়ের এ ব্লকের চার নম্বর রোডের বাসার পঞ্চম তলার ফ্লাট থেকে ফ্যানের সঙ্গে তপু চৌধুরী (৩২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যার মধ্যে যেকোনও সময়ে এ ঘটনা ঘটেছে।
পরিবারের বরাদ দিয়ে তিনি জানান, তপু চার বছর আগে বিয়ে করেন। মাঝেমধ্যে তাদের দাম্পত্য কলহ হতো। গত তিন মাস আগে কলহের কারণে স্ত্রী বাবার বাড়ি চলে যান। সেই থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এসব নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার মৃত কুতুবউদ্দিন চৌধুরীর ছেলে তপু চৌধুরী।
একই দিন রাত ১২টার দিকে কদমতলীর নুরপুর বায়তুস সালাম রোডের বাসা থেকে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থেকে জাহাঙ্গীর আলম (৪৫) নামে একব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন কদমতলী থানার উপপরিদর্শক এসআই শফিকুল ইসলাম।
ঘটনার সময়ে তার স্ত্রী নুপুর আক্তার বাইরে ছিলেন। জাহাঙ্গীর ভেতর থেকে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা স্বজনদের। তবে কী কারণে তিনি এমনটি করেছেন, সে ব্যাপারে তেমন কিছু জানাতে পারেননি কেউ।
চাঁদপুর সদর উপজেলার লালপুর গ্রামের মৃত ছাত্তার হাজরা ও বেহুলা বেগম এর ছেলে জাহাঙ্গীর।
এছাড়া বৃহস্পতিবার হাতিরঝিল থানার উপপরিদর্শক এসআই মোস্তানছির বিল্লাহ দীনেশচন্দ্র দাশ (৮০) নামে এক ভাসমান ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেন।
তিনি জানান, মালিবাগ রেলগেট ডিআইটি রোড ফ্লাইওভারের পিলারের কাছ থেকে দিনের বেলা তার মরদেহটি উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়, মৃত দীনেশ বিভিন্ন রোগে ভুগছিলেন, বাধ্যকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।




