ছিনতাইকারীর কবলে পড়া কলেজশিক্ষার্থীর মরদেহ মিললো ব্রহ্মপুত্রে

ছিনতাইকারী দলের কবলে পড়ে নিখোঁজের দুই দিন পর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে নুরুল্লাহ শাওন (২৫) নামে এক কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ব্যাটবল চত্বর সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নুরুল্লাহ শাওন ময়মনসিংহ নগরীর আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরজাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব জানান, রাতে ব্রহ্মপুত্র নদের কিনারার পানিতে মরদেহটি দেখতে পেয়ে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানান। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে নুরুল্লাহ শাওন এবং তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদ ব্রহ্মপুত্র নদের ওপারে বেড়াতে যান। সন্ধ্যা ৬টার দিকে দুই বন্ধু ছিনতাইকারী দলের কবলে পড়েন। মঞ্জুরুল নদ সাঁতরে পার হতে পারলেও শাওনের সন্ধান মেলেনি। এ ঘটনায় শাওনের মা শাহিদা বেগম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন থেকে চার জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, শাওনের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সহপাঠী শিক্ষার্থীরা টাউন হল চত্বরে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এবং বিচার দাবি করে।



