ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন সিকদার (৬০) নামের এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মনির হোসেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা গত ৭ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
মৃত মনির হোসেনের বাবার নাম হাজী জহুরুল ইসলাম সিকদার। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী গ্রামে। তবে তিনি কী মামলায় বন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি কারারক্ষীরা।



