দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজসহ বাংলাদেশের ২৩ জন

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডে আগে কখনও বাংলাদেশের কেউ খেলেনি। এবার সুযোগ হয়েছে অংশ নেওয়ার। প্রাথমিকভাবে নিলামে নাম উঠেছে মোস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের ২৩ জন ক্রিকেটারের। তবে সাকিব আল হাসান নাম দেননি।
মোস্তাফিজুর ও রিশাদ হোসেন ছাড়াও আছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন ও নাজমুল হোসেন।
এর মধ্যে নিলামে বাঁহাতি পেসার মোস্তাফিজের ভিত্তিমূল্য এক লাখ পাউন্ড, এটিই সর্বোচ্চ ক্যাটাগরি। বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য রিশাদ হোসেনের, তার ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। বাকি ২১ জনেরই ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে।
এবারের নিলামে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার খেলোয়াড় নিবন্ধন করেছেন। ১১ ও ১২ মার্চ লন্ডনে হবে এই নিলাম।



