বস্তুনিষ্ঠ নিউজে সত্য তুলে ধরেন আমরা সংশোধন হবো: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আপনারা বস্তুনিষ্ঠ নিউজ করেন, সত্য তুলে ধরেন আমরা সংশোধন হবো।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্থানীয় সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘সাংবাদিকরা নিউজ করুন শতভাগ, অনুরোধ বস্তুনিষ্ঠ নিউজ করবেন। আপনারা যদি সত্য কথা তুলে ধরেন আমাদের জন্য সুবিধা হবে আমাদের ভুল সংশোধন করতে পারবো। এমন কোনও নিউজ না করা ভালো যেটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। ওই নিউজ করা উচিত যে নিউজ সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আমরা যারা কর্মরত আছি আমরাও চাই আপনাদের সহযোগিতায় সমস্ত তথ্যগুলো সামনে আসুক।’
এ সময় তিনি নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম আরও জোরদার করার কথা উল্লেখ করে বলেন, ‘এই সরকার মহিলাদের স্বাবলম্বী করতে নারীর ক্ষমতায়নকে বেশি গুরুত্ব দেবে। এ ছাড়াও জনবান্ধব একটি প্রশাসন তৈরি করা হবে, যাতে কেউ আর বিশৃঙ্খলার সৃষ্টি করার সুযোগ না পায়। দলমতের ঊর্ধ্বে উঠে হতদরিদ্র পরিবারের সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘সনাতন ধর্ম, আদিবাসী কিংবা ইসলাম ধর্ম সবাই সমান সুযোগ পাবে, সমান চিকিৎসা পাবে। হাসপাতালগুলো যাতে সব সময় পরিচ্ছন্ন থাকে, মানুষ যাতে বলতে না পারে হাসপাতালে গেলে গন্ধ লাগে, দুর্গন্ধ হয়।’ অহেতুক জিনিসের দাম যাতে না বাড়ে সেজন্য উপজেলা প্রশাসনকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘শান্তি-শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে আমাদের নম্বর ওয়ান টার্গেট। কোনও অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া যাবে না। কোনও অবস্থাতেই চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, দখলদারি, জমিকাটা, জমি দখল করা, গাছকাটা, মাছ মেরে ফেলার বিচার কাউকে নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।’
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক, সমাজসেবা দফতরের রংপুর বিভাগীয় পরিচালকের প্রতিনিধি মইনুল ইসলাম, বিরামপুর সার্কেল এএসপি হারেজ উদ্দিন, মন্ত্রীর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা, ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জুসহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষ।



