Uncategorized

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে রুমিন ফারহানার ওপর হামলাচেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এক পর্যায়ে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়েই শহীদ মিনার থেকে ফিরে যেতে বাধ্য হন।

এ ঘটনার পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকরা সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছের গুঁড়ি ও বাঁশে অগ্নিসংযোগ করে মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে কমপক্ষে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকরা সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন অবরোধ কালে রুমিন ফারহানার সমর্থকরা জানান, সরাইল উপজেলা সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এক দল যুবক মিছিল নিয়ে এসে পরিস্থিতি ঘোলাটে করে। এক পর্যায়ে তারা সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ফুলেল শ্রদ্ধা জানাতে বাধা দেন। পরে পরিস্থিতি ঘোলাটে ও উত্তপ্ত হওয়ায় ফুল না দিয়েই তিনি শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষুব্ধ নেতাকর্মীরা আনোয়ার হোসেন মাস্টারসহ দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে, ঘটনার পর রুমিন ফারহানা তার গ্রামের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে সাংবাদিকদের বলেন, ‘পরিকল্পিতভাবে তার ওপর হামলার চেষ্টা করা হয়েছে।’

পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই হামলার চেষ্টা বলে অভিযোগ করে রুমিন বলেন, ‘বিএনপি যদি এখনই মাঠ পর্যায়ে তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, এর পরিণাম  ভয়াবহ হবে।’ এই ন্যক্কারজনক ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ সময় আব্দুল আহাদ নামে তার এক আহত কর্মীর অবস্থা সাংবাদিকদের সামনে তুলে ধরেন রুমিন।

এদিকে, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

উত্তেজনা থাকায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button