ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনারের বেদি

ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দীয় শহীদ মিনারের বেদি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এ যেন জনস্রোত। নানা সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেণি-পেশার মানুষ এসেছেন শ্রদ্ধা জানাতে।
সরেজমিনে দেখা গেছে, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে লম্বা লাইন। সারিবদ্ধ হয়ে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। বিএনসিসি ও স্কাউটস সদস্যরা শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন।
শ্রদ্ধা জানাতে দেখা যায় ইডেন মহিলা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ছায়ানট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, হিন্দু বোদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, টিআইবি, বাংলাদেশ স্কাউটস, উদিচি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ নানা সংগঠন ও প্রতিষ্ঠানকে।
সংগঠন কিংবা প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগতভাবেও অনেকে এসেছেন শ্রদ্ধা জানাতে। অনেকে শিশুদের নিয়েও এসেছেন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে।
শ্রদ্ধা জানাতে আসা আবদুল হক বলেন, এদিন আমাদের প্রেরণার। এ প্রেরণা থেকেই আমাদের স্বাধীনতা।
পশ্চিমারা আমাদের মুখের ভাষা যখন কেড়ে নেওয়ার চেষ্টা করে আমাদের ছাত্ররা যে আত্মত্যাগের মাধ্যমে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করে তা ইতিহাসে বিরল। আমরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষার জন্য লড়াই করে জীবন দিতে হয়েছে।
এদিকে সময় যত বাড়ছে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভীড় বাড়ছে।



