হামজা ও বাংলা ভাষা নিয়ে যা বললেন কোচ কাবরেরা

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ইফতারে যোগ দিতে এসে জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা অনেক কথাই বলেছেন। এর মধ্যে হামজা চৌধুরীর খেলা ও বাংলাদেশের সংস্কৃতি, ভাষা আন্দোলন এবং ২১-শে ফেব্রুয়ারির প্রসঙ্গও ছিল।
চার বছর ধরে বাংলাদেশের ফুটবল দলের দায়িত্ব আছেন কাবরেরা। এখানে থেকে অনেক কিছু দেখছেন। অভিজ্ঞতা থেকে সাংবাদিকদের বলেছেন, “বাংলাদেশে প্রায় সাড়ে চার বছর আছি। এটা সবসময়ই আনন্দের। আমি এখানকার সংস্কৃতি সত্যিই উপভোগ করি। দল, খেলোয়াড় ও হাসান ভাইয়ের মতো কোচদের সঙ্গে সময়গুলো উপভোগ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। এ সংস্কৃতির প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করি।”
বাংলা ভাষা নিয়ে তিনি বলেন, “আমি কিছু (বাংলা) শব্দ জানি। কিন্তু, সম্মানের খাতিরে আমি এখন কিছু বলতে চাচ্ছি না। আমি বাংলা ভাষাকে খুব শ্রদ্ধা করি। আশা করি, সবাই আজকের মাতৃভাষা দিবস উপভোগ করবেন।”
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে খেলবে ভিয়েতনামের বিপক্ষে। হামজা চৌধুরী চোট পাওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আশাবাদী কাবরেরা। তিনি বলেন, “আমি হামজা ও লেস্টার সিটির ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা ইতিবাচক। আশা করি, ওর রিকভারি খুব ভালোভাবেই হবে। শোমিতের (সোম) সঙ্গেও কথা হয়েছে। সে দ্রুত ক্যাম্পে যোগ দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি, আমরা তাকে ঢাকার ক্যাম্পেই পাওয়ার চেষ্টা করবো। সে পুরোপুরি ফিট আছে।”
হামজা নিয়ে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ আরও বললেন, “আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আমাদের জানা মতে, মার্চের মাঝামাঝি তার মাঠে ফেরার কথা। সেই অনুযায়ী আমরা ঠিক করবো সে কবে ক্যাম্পে যোগ দেবে। সবকিছু ঠিক থাকলে, সে ইতিবাচক আছে। আমরাও আশাবাদী, অন্তত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।”
১৪ মার্চ একাদশ রাউন্ডের খেলা শেষের পর সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্প শুরুর ইঙ্গিতও দিয়েছেন কাবরেরা। তিনি বলেন, “ক্যাম্প শুরুর তারিখ এখনও নিশ্চিত হয়নি। আমরা আলোচনা করছি। আশা করছি, লিগের শেষ রাউন্ডের ঠিক পরেই শুরু হবে। আমি বলবো, ১৬ মার্চের দিকে ক্যাম্প শুরু হতে পারে। কয়েক দিন আমরা ঢাকায় থাকবো, সম্ভবত তিন-চারটি ট্রেনিং সেশন হবে। এরপর ২৬ তারিখে প্রীতি ম্যাচ খেলার জন্য আমরা ভিয়েতনাম যাবো। সেখান থেকে ৩১ তারিখে অফিশিয়াল ম্যাচ খেলতে সিঙ্গাপুরে যাবো।”
বাছাইয়ে এখনও জয়হীন বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে টেবিলে আছে তলানিতে তারা। আবার গুঞ্জন আছে ডাগআউটে কাবরেরার ভবিষ্যৎ নিয়েও। এই স্প্যানিশ কোচ যদিও বলেছেন, “এ বছর আমি যে পরিকল্পনা জমা দিয়েছি, তার অন্যতম পয়েন্ট ছিল ভিয়েতনামের বিপক্ষে খেলা। আমার প্রস্তাব ছিলো, এ বছর দল যেন উঁচু র্যাংকিংয়ের দলগুলোর মুখোমুখি হয়, যাতে বছরের শেষে সাফের জন্যও সেরা প্রস্তুতি নেওয়া যায়। আমি বিশ্বাস করি, র্যাংকিংয়ের ১০৮তম দল ভিয়েতনাম আমাদের জন্য ভালো প্রতিপক্ষ এবং ভালো চ্যালেঞ্জ হবে।”
নিজের চুক্তি নিয়ে কাবরেরা বলেন, “সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আমার মনে হয়, এ বিষয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। চুক্তির আরও দুই মাস বাকি আছে এবং আমার কাছে সামনে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ দুটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এরপর এ নিয়ে কথা বলবো। তাড়াহুড়ো করার প্রয়োজন নেই।”



