অপরাধ-চাঁদাবাজি করলে ছাড় নেই: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, চাঁদাবাজি ও অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কর্মকর্তাদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ কথায় নয়, কাজ দেখতে চায়। তাদের দৃশ্যমান পরিবর্তন দেখাতে হবে।
মন্ত্রী বলেন, সরকার ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করার জন্য প্রতিটি মন্ত্রণালয়, দফতরকে নির্দেশ দিয়েছে। আমার মন্ত্রণালয় ১৮০ কর্মসূচি গ্রহণ করছে। তিনি জেলার সব দফতরকে ১৮০ দিনের কর্মসূচি তৈরি করে জমা দিতে নির্দেশ দেন।
তিনি বলেন, নির্বাচনি কমিটমেন্টগুলো পূরণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণকে দেখাতে হবে যে কিছু পরিবর্তন শুরু হয়েছে। তিনি উন্নয়ন কার্যক্রমের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, আমরা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যিকারের উন্নয়নমুখী সমাজ উপহার দিতে চাই। এ জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।
এ সভায় আরও ছিলেন– জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারি কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ, পিডিবি, পেট্রোবাংলা, নেসকো, নওপাজেকো, পিজিসিবি এর কর্মকর্তারা।



