‘ওসিকে গালাগালির’ অডিও ফেসবুকে, বিএনপি নেতা আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দুর্ব্যবহার এবং ফেসবুকে গালিগালাজের ভিডিও ক্লিপ দিয়ে হেয় করার অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল। আটক ফেরদৌস আহমেদ চৌধুরী বাহুবল উপজেলা বিএনপির সভাপতি। তাকে আটকের প্রতিবাদে দলের নেতাকর্মীরা দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর এলাকা অবরোধ করেন। প্রায় ১৫ মিনিট মহাসড়কে অবস্থান করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ব্যক্তিগত কাজে হবিগঞ্জের বাহুবল থানায় যান ফেরদৌস আহমেদ চৌধুরী। তিনি ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের কার্যালয়ে গিয়ে দেখেন, ওসির সঙ্গে গল্পগুজব করছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বাহুবল উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান। এ সময় ফেরদৌস আহমেদ ওসিকে প্রশ্ন করেন, ‘আমার ফোন ধরেন না কেন? এত রসিকতা করে গল্প করছেন, আমার ফোন ধরার সময় পান না।’ এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। থানা থেকে বের হয়ে ফেরদৌস তার ফেসবুকে একটি ভিডিও দেন। সেখানে ওসির বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ করেন।
শনিবার ওসির সঙ্গে বিএনপি নেতা ফেরদৌসের অসৌজন্যমূলক আচরণের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত হিসেবে দুপুরে ফেরদৌস আহমেদকে আটক করা হয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস বলেন, ‘আজ দুপুরে শহরের শায়েস্তানগর এলাকা থেকে বাহুবল উপজেলা বিএনপির সভাপতিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।’



