প্রকাশকদের একটি বড় অংশের বিরোধিতার মধ্যেই চলছে বইমেলার প্রস্তুতি

প্রকাশকদের একটি বড় অংশের (প্রকাশক ঐক্য) বিরোধিতার মধ্যেই চলছে বইমেলার প্রস্তুতি। স্টল বানানোর কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। কিছু স্টল ও প্যাভিলিয়নের কাজ সম্পন্ন হয়েছে। কিছু স্টলের খুঁটি ও টিন বসানোর কাজ চলছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সরেজমিন সোহরাওয়ার্দী উদ্যানে এমন চিত্র দেখা যায়।
বইমেলার মাঠে কর্মরত মো. সালাহউদ্দিন নামে একজন বাংলা ট্রিবিউনকে জানান, কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে।
এদিকে, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশক ঐক্য জানায়, মেলার মাঠে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের অস্বচ্ছতা নিরসন না হওয়া, সমঝোতা মোতাবেক পদক্ষেপ গ্রহণে বাংলা একাডেমির ব্যর্থতা, এবং এই দুইয়ের ফলশ্রুতিতে চরম সময়স্বল্পতার কারণে আসন্ন বইমেলায় তাদের পক্ষে অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
প্ল্যাটফর্মটির দাবি, বুধবারের (১৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক মিটিংয়ের আগে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে যে যৌক্তিক দাবিগুলোর বিষয়ে তাদের মৌখিক সমঝোতা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল– সব প্যাভিলিয়ন বাতিল করে সবাইকে সমতার ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ ইউনিটের স্টল বরাদ্দ দেওয়া। এই দাবির পেছনের কারণগুলো হলো– ‘চরম সময়স্বল্পতা’, ‘অস্বচ্ছ বরাদ্দ ও অমর্যাদা’ এবং ‘অনায্য সুবিধা ও বৈষম্য’।



