ময়মনসিংহে কলেজছাত্র শাওন হত্যা: ৬ জন গ্রেফতার

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন নিহতের ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ১৮ ফেব্রুয়ারি বিকালে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন শাওন এবং মঞ্জুরুল নামে অপর একজন। নদ সাঁতরে মঞ্জুরুল তীরে উঠলেও নিখোঁজ থাকেন শাওন। শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদ থেকে শাওনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মৃতের মা কোতয়ালি মডেল থানায় সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনা থেকে দেবরাজ নামে একজনকে এবং ময়মনসিংহ থেকে বিশাল, হৃদয়, বিপুল, রাজ, বিশাল নামে পাঁচ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।
মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।



