তুর্কি ভাষার দাম্পত্য জীবন নিয়ে ছবির বার্লিন জয়

বার্লিন উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণভালুক (গোল্ডেন বেয়ার) জিতেছে তুর্কি ভাষার দাম্পত্য জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ইয়েলো লেটারস’। তুরস্কের আনকারায় রাজনৈতিক চাপের মুখে পড়া এক শিল্পী দম্পতির বৈবাহিক জীবনে কী ঘটে, সেই গল্প তুলে ধরা হয়েছে এতে।
‘ইয়েলো লেটারস’ পরিচালনা করেছেন তুর্কি-জার্মান পরিচালক ইলকার কাটাক। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ৭৬তম বার্লিন চলচ্চিত্র উৎসবের সমাপনীতে ভালুক আকৃতির সোনালি ‘গোল্ডেন বেয়ার’ পুরস্কার তুলে দেওয়া হয় তার হাতে। তখন তিনি বলেন, ‘আমরা নিজেরা নিজেদের জন্য প্রকৃত হুমকি নই। আমাদের জন্য হুমকি হচ্ছে স্বৈরশাসকরা। তারা ক্ষমতায় বসে আমাদের জীবনযাত্রার ধরন ধসিয়ে দেয়ার অপচেষ্টা চালায়। আসুন, আমরা নিজেদের মধ্যে লড়াই না করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’
‘ইয়েলো লেটারস’-এর শুটিং হয়েছে জার্মানিতে। এতে এক শিল্পী দম্পতির ভূমিকায় আছেন তুর্কি অভিনেত্রী ওজগু নামাল ও তানসু বিজাশ। ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে সুখের সংসার তাদের। কিন্তু স্বামী আজিজ অনলাইনে সমালোচনামূলক পোস্ট দেওয়ার কারণে তুর্কি রাষ্ট্রের নিশানায় পড়লে বাড়ি হাতছাড়া হয়। আনকারা ছেড়ে আজিজের মায়ের সঙ্গে সাময়িকভাবে থাকতে ইস্তানবুলে চলে যেতে বাধ্য হয় তারা। জীবিকার তাগিদে স্ত্রী দেরিয়ার সঙ্গে আজিজের দূরত্ব বাড়তে থাকে।
গোল্ডেন বেয়ার পুরস্কারের জন্য এবার প্রতিযোগিতায় ছিল মোট ২২টি চলচ্চিত্র। এরমধ্যে ‘ইয়েলো লেটারস’ জয় করে নিয়েছে বিচারকদের মন। এবারের আসরে জুরি সভাপতির দায়িত্বে ছিলেন জার্মান চলচ্চিত্র নির্মাতা ভিম ভেন্ডার্স।
রাজনৈতিক উৎসব
উৎসবটির ডাকনাম বার্লিনাল। রাজনৈতিক বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসব সুনাম বজায় রেখেছে। ফ্রান্সের কান ও ইতালির ভেনিস উৎসবের তুলনায় সবচেয়ে স্পষ্ট রাজনৈতিক অবস্থান বার্লিনের। বিশেষ করে এবারের আসরে গাজা যুদ্ধ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
ভারতীয় সাহিত্যিক অরুন্ধতী রায়ের এবারের উৎসব থেকে সরে যেতে বাধ্য হওয়ার ঘটনায় ভিম ভেন্ডার্সের মন্তব্য ছিল, ‘চলচ্চিত্র নির্মাতাদের রাজনৈতিক হওয়া উচিত নয়।’
উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার হিসেবে সিলভার বেয়ার জিতেছে আরেক তুর্কি ছবি ‘স্যালভেশন’। এর নির্মাতা এমিন আলপাশ তুরস্ক, সিরিয়া, ইরান ও গাজায় নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘এখানে আমরা অন্তত নীরবতা ভেঙে আওয়াজ তুলে তাদের মনে করিয়ে দিতে পারি, তারা মোটেও একা না।’
সেই সান্দ্রা হুলার
‘রোজ’ ছবিতে পুরুষের বেশে অভিনয়ের সুবাদে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। ২০২৪ সালে বিভিন্ন বিভাগে অস্কার জয়ী ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ছবিতে অভিনয় করে আলোচিত হন তিনি। সাফল্যের ধারা অব্যাহত রেখে বার্লিনে সিলভার বেয়ার পেয়েছেন এই তারকা।
ফরাসি তারকা জুলিয়েট বিনোশ অভিনীত ‘কুইন অ্যাট সি’ পেয়েছে জুরি পুরস্কারসহ দুটি স্বীকৃতি। এতে মায়ের তীব্র ডিমেনশিয়ার সঙ্গে লড়াই এবং এর কারণে নিজের দাম্পত্য জীবনে প্রভাব পড়া নারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ল্যান্স হ্যামার পরিচালিত ছবিটিতে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা পার্শ্ব অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন দুই প্রবীণ আনা ক্যাল্ডার-মার্শাল ও টম কোর্টনে।
আমেরিকান কিংবদন্তি জ্যাজ পিয়ানোবাদকের সাদাকালো বায়োপিক ‘এভরিবডি ডিগস বিল এভান্স’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন গ্র্যান্ট জি। এতে বিল এভান্সের ভূমিকায় অভিনয় করেছেন নরওয়ের অভিনেতা আনেশ দনিয়েলসেন লি।
সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে ‘নিনা রোজা’। ছবিটির গল্প একজন আর্ট কিউরেটরকে কেন্দ্র করে, যিনি এক শিশুর চিত্রপ্রতিভা সত্যিই অসাধারণ কিনা যাচাই করতে বুলগেরিয়ায় ফেরেন।



