দীপু দাস হত্যার ঘটনায় আরেক আসামি গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৭) হত্যার ঘটনায় বাবলু মিয়া (২৪) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বাবলু ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ কার্যক্রম গ্রহণ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১১টার দিকে ভালুকা থানার ডুবালিয়াপাড়া এলাকা থেকে বাবলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতার বাবলু ঘটনাস্থলে উপস্থিত থেকে কারখানার গেটে লোক জড়ো করার মূল ভূমিকায় ছিল। সে কারখানার গেটে লোক জড়ো করে স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত করে। পরে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ মহাসড়কে নিয়ে উত্তেজিত জনতার মাধ্যমে নির্যাতনে সক্রিয়ভাবে সহযোগিতা করে।
ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত আড়াইটার দিকে অর্ধপোড়া লাশ উদ্ধার করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দীপু চন্দ্র দাস হত্যায় গুরুত্বপূর্ণ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।



