২৬ ফেব্রুয়ারি বিয়ে, গুঞ্জনে আছে আরও যা…

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে। ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের আয়োজন হতে যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি দুই তারকা।
সম্প্রতি হায়দরাবাদ বিমানবন্দরে বিজয়কে দেখা যায় বেশ নীরবভাবে চলাফেরা করতে। ধূসর শার্ট ও ট্রাউজারের সঙ্গে সাধারণ টি-শার্ট পরে মুখে মাস্ক লাগিয়ে দ্রুত টার্মিনাল অতিক্রম করেন তিনি। কিছুক্ষণ পর আলাদা করে একই বিমানবন্দরে পৌঁছান রাশমিকা। নিরাপত্তাকর্মীদের ঘিরে থাকা অবস্থায় তিনি ফটোগ্রাফারদের সঙ্গে কথা বলেননি।
তবে একটি ভিডিওতে দেখা যায়, ভক্তদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান রাশমিকা এবং ফটোগ্রাফারের অনুরোধে মাস্ক খুলে ছবি তোলেন। এ সময় এক ফটোগ্রাফার বিয়ের শুভেচ্ছা জানালে তিনি হাসিমুখে ‘কিসের জন্য?’ জানতে চান। উত্তরে বিয়ের কথা বলা হলে তিনি তা অস্বীকার না করে লাজুক হাসি দেন, যা জল্পনাকে আরও উসকে দেয়।
এমন আবহে ঘনিষ্ঠ সূত্রের দাবি, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে ব্যক্তিগত পরিসরে বিয়ের আয়োজন হতে পারে। প্রতিবেদনে বলা হচ্ছে, মূল অনুষ্ঠানে তেলুগু বা হিন্দি চলচ্চিত্র জগতের সহকর্মীদের আমন্ত্রণ না-ও জানাতে পারেন তারা।
গুঞ্জনে সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে বিলাসবহুল কয়েকটি রিসোর্ট। এর মধ্যে আরাবল্লী পাহাড়ঘেরা আইটিসি হোটেলের ‘দ্য মেমেন্টোস’ নামের স্থাপনাটিকে সবচেয়ে সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ করা হচ্ছে। পাশাপাশি হায়দরাবাদ ও মুম্বাইয়ে পৃথক দুটি সংবর্ধনার পরিকল্পনাও থাকতে পারে বলে জানা গেছে।
সূত্র অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা। ওই দিন সংগীত ও মেহেদি, ২৫ ফেব্রুয়ারি হলুদের অনুষ্ঠান এবং ২৬ ফেব্রুয়ারি মূল বিয়ে অনুষ্ঠিত হতে পারে।
জানা দরকার, বিজয় ও রাশমিকা প্রথম একসঙ্গে কাজ করেন ২০১৮ সালের চলচ্চিত্র ‘গীতা গোবিন্দম’-এ। পরে ‘ডিয়ার কমরেড’ ছবিতেও তাদের জুটি দর্শকের প্রশংসা পায়। সেই সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৩ অক্টোবর হায়দরাবাদে একটি ঘরোয়া অনুষ্ঠানে তারা আংটি বদল করেন। যদিও বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি, পরবর্তীতে দুজনকেই আংটি পরা অবস্থায় দেখা যায়। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও ব্যক্তিগত ভ্রমণেও তাদের একসঙ্গে দেখা গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে রাশমিকার ডিপ্লোম্যাটিক জবাব, ‘চার বছর ধরেই একই প্রশ্নের মুখোমুখি হচ্ছি এবং মানুষ একই প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে।’
সূত্র: এনডিটিভি



