Uncategorized

৩০ টাকার চাঁদা ৭০, প্রতিবাদে মহাসড়ক অবরোধ অটোচালকদের

অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। রবিবার ত্রিশাল উপজেলার একটি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

পুলিশ ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, ত্রিশাল উপজেলা থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গেট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। অটোরিকশাগুলোকে দৈনিক ৩০ টাকা করে চাঁদা দিতে হতো। মো. দুকুল ও তার দুই সহযোগী মো. রফিক ও মো. রতন নামের তিন জন এই চাঁদা তোলে। আজ সকালে ত্রিশাল থেকে মো. ফয়সাল নামের একজন চালক অটোরিকশা নিয়ে মেডিক্যাল গেট এলাকায় এলে তার কাছে ৭০ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি এর প্রতিবাদ করেন। তখন তাকে সেখান থেকে যাত্রী তুলতে ও দাঁড়াতে দেওয়া হয়নি। এরপর তিনি ত্রিশালে গিয়ে অন্য চালকদের বিষয়টি জানান। সকাল ১০টার দিকে অটোরিকশার চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অতিরিক্ত চাঁদা বন্ধের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজ সৃষ্টি হয়। পরে বেলা ১১টার দিকে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

অটোরিকশাচালকরা জানান, অতিরিক্ত চাঁদাবাজির কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিভিন্ন পয়েন্টে এভাবে টাকা দিয়ে সড়কে অটোরিকশা চালানো কঠিন হয়ে পড়বে। তাই সব ধরনের চাঁদা বন্ধের দাবি জানান তারা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘মেডিক্যাল কলেজ গেট এলাকায় ৩০ টাকা চাঁদার বদলে আজ ৭০ টাকা দাবি করলে এ ঘটনা শুরু হয়। যারা চাঁদা তুলতো, তাদের আমরা শনাক্ত করতে পারিনি। রাজনৈতিক কোনও পরিচয় আছে কিনা, জানি না। চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button