আইইউটিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) সম্প্রতি ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম প্রাইমএকাডেমিয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রাইমএকাডেমিয়া হলো শিক্ষা খাতের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম; যা শিক্ষা খাত ও শিল্প খাতের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং আর্থিক খাত সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে একটি ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) হিসাব খোলার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিয়মিত সঞ্চয়ের দীর্ঘমেয়াদি সুফল ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মউন্নয়ন এবং দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও ছিলেন– আইইউটির রেজিস্ট্রার ড. মওয়েবেসা উমার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী এবং কম্পট্রোলার মারুফুল ইসলাম ভূইয়া।



