Uncategorized

আলপি বললেন, ‘সিডনিতে ভালো প্র্যাকটিস হচ্ছে’

এশিয়ান কাপের আগে ঢাকায় স্বল্পমাত্রার অনুশীলন করেছেন আফঈদা, রুপনা ও মনিকারা। এর আগে জাপান, কোরিয়া, ভিয়েতনামে ক্যাম্প হওয়ার কথা বলা হলেও সেটা আলোর মুখ দেখেনি। বর্তমানে সিডনিতে সময়টা ভালোই কাটছে মেয়েদের।

সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে হালকা অনুশীলন দিয়ে শুরু। আজ চতুর্থ দিনের মতো গা গরমে নেমেছিলেন ঋতুপর্ণা চাকমারা। এই অনুশীলন গ্রাউন্ডের পাশেই বাংলাদেশ দলের হোটেল। যে কারণে হোটেল থেকে মাঠে আসা-যাওয়ার ঝক্কি সেভাবে নেই বলে জানিয়েছেন, প্রথমবার দলে সুযোগ পাওয়া আলপি আক্তার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় আলপি বলেছেন, ‘এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এত গরম এখনও পড়ে নাই। এখানে অতিরিক্ত গরম। পরিবেশের সঙ্গে আপাতত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা এক জায়গায় থাকছি, এক জায়গায় মাঠ, জিম সবকিছু হচ্ছে। তো বাস দিয়ে মাঠে যাওয়া লাগছে না, এটা ভালো লাগছে।’

সর্বশেষ নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন দলের হয়ে ১০ ম্যাচে ৩০ গোল করেন আলপি।  সাফ অনূর্ধ্ব-১৯  টুর্নামেন্টেও সাফল্য পেয়েছেন। করেছেন সর্বোচ্চ ৭ গোল। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয়  দলে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড। তাই জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো ভ্রমণ এবং অনুশীলন করতে পেরে খুশি আলপি, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা এবং খেলা। তো সেই ইচ্ছাটা (অনুশীলন) পূরণ হয়েছে। ভালো লাগছে আপুদের সঙ্গে প্র্যাকটিস করে। অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে ওনাদের সঙ্গে।’

সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল। এশিয়ান কাপে প্রথম ম্যাচে ৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-ঋতুপর্ণারা।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button