চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ ৯ জন দগ্ধ

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে আট জনের নাম জানা গেছে। তারা হলেন—শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)।
স্থানীয় লোকজন জানান, ভোর সাড়ে চারটার দিকে হালিশহরে হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘরটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন বলেন, ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। আহতদের চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়েছে।
হাসপাতাল বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন, ‘দগ্ধ ৯ জনের সকলেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।’
তিনি জানান, আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামের এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া এক জনের ৮০, এক জনের ৪৫ এবং বাকিদের শরীর ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।



