পঞ্চগড়ে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত, আরেক মেয়ে আহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার আরেক মেয়ে ও ভাগনে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুন বন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর সদরের পাটোয়ারী পাড়া এলাকার মো. আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) ও তার মেয়ে মুনতাহা (৭)। একই ঘটনায় আহত হন মমতার আরেক মেয়ে মুবাশ্বিরা ও ভাগনে মনিরুল ইসলাম। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল নাদের পরিবহনের একটি বাস। উপজেলার সোনাহার ইউনিয়নের বাবার বাড়ি থেকে ভাগনে মনিরুল ইসলামের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মমতা বেগম ও তার দুই মেয়ে। নতুন বন্দরের আব্দুলপুর এলাকায় পৌঁছালে বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা বেগম ও তার মেয়ে মুনতাহাকে মৃত ঘোষণা করেন। আহত মুবাশ্বিরা ও মনিরুল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি চালকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বাস ও চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’



