Uncategorized

মব করে পুলিশে সোপর্দ করা দুই সাংবাদিকের ৫ দিনের রিমান্ড আবেদন

সাতক্ষীরার পাটকেলঘাটায় মব করে পুলিশে সোপর্দ করা দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রিমান্ড আবেদন করেন পাটকেলঘাটা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান।

এর আগে শনিবার দুপুরে সংবাদ প্রকাশ সংক্রান্ত পুরোনো শত্রুতার জেরে মব সৃষ্টি করে দুই সাংবাদিককে নির্যাতন করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিতে বাদীপক্ষকে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবিরের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা যায়, পাটকেলঘাটা টাওয়ার রোড এলাকায় সরকারি জমিতে বিধি ভঙ্গ করে পাকা ভবন নির্মাণের অভিযোগ ওঠে জনৈক ব্যবসায়ী নিরঞ্জন দাসের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা জানতে সাংবাদিক শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলাম সরেজমিনে শনিবার ‍দুপুরে নতুন নির্মাণ করা দোকানে যান। সরকারি জমির ভুয়া মালিক নিরঞ্জন দাস কাগজপত্র দেখানোর কথা বলে সাংবাদিকদেরকে তার নিজস্ব ‘রাখি বস্ত্রালয়ে’ ডেকে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে সেখানে সদলবলে হাজির হন সার ও বীজের ডিলার থানার শাকদহা গ্রামের জামালউদ্দীন। মাস খানেক আগে নিজ এলাকায় বরাদ্দ করা ইউরিয়া সার সদর উপজেলার চাঁদপুর এলাকায় পাচারকালে ভিডিও রিপোর্ট করেন মাসুদ হাসান মনি। 

অভিযোগ উঠেছে, পুরোনো সেই রাগ তিনি সফলভাবে প্রয়োগ করেন মনিসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে। ১০/১২ জন ব্যক্তিকে জড়ো করে শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলামকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হলে সুচতুর জামাল পুলিশকে খবর দিলে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেন। 
এদিকে এ ঘটনায় মামলা দিতে চাননি নিরঞ্জন দাস। রাতে পাটকেলঘাটা থানার ওসি তাকে চাপ প্রয়োগ করে মামলা দিতে বলেন। এমনকি সোমবার সাতক্ষীরা আদালতে সাংবাদিকদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির জানান, বাদীকে পুলিশ চাপ দিয়ে মামলা দেওয়ার বিষয়টি সত্য নয়। মবকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান। আর রিমান্ড চাওয়ার বিষয়টি নরমাল প্রক্রিয়া বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে পাটকেলঘাটা বাজারের সার ও বীজ  ব্যবসায়ী জামালউদ্দীন বলেন, আমাকে নিরঞ্জন দাস তার দোকানে ডেকে নিয়ে গিয়েছিলেন। আর সার পাচারের বিষয়টি সঠিক নয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, মব সন্ত্রাস বন্ধ করে জনমনে স্বস্তি আনা বর্তমান সরকারের একটি অগ্রাধিকারপ্রাপ্ত কাজ। অথচ পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে দুই সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। বিষয়টি দুঃখজনক।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button