মেক্সিকোতে এল মেনচো’র মৃত্যুর জের, সংঘর্ষে নিহত ২৬ নিরাপত্তাকর্মী

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট ও শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান নেমেসিও ওসেগুয়েরা ওরফে ‘এল মেনচো’র মৃত্যুর পর দেশজুড়ে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। কার্টেল সদস্যদের পাল্টা হামলায় এখন পর্যন্ত ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য এবং একজন নিরাপত্তা রক্ষীসহ মোট ২৬ জন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সোমবার মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এল মেনচোর মৃত্যুকে কেন্দ্র করে মেক্সিকোর বিভিন্ন প্রান্তে সহিংসতার ঢেউ আছড়ে পড়েছে। কার্টেল সদস্যরা রাস্তা অবরোধ করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।
মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা সোমবার জানিয়েছেন, এল মেনচোর এক প্রেমিকার দেওয়া তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রবিবার জালিস্কো রাজ্যের তাপালপা শহরে মেক্সিকান স্পেশাল ফোর্সের অভিযানে এল মেনচো গুরুতর আহত হন এবং পরে হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ৫৯ বছর বয়সী এই মাদক সম্রাটকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
নিরাপত্তা মন্ত্রী হারফুচ জানান, এল মেনচোর মৃত্যুর পর জালিস্কো রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অন্তত ২৭টি ভীরুতাপূর্ণ হামলার ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর পাল্টা জবাবে ৩০ জন কার্টেল সদস্য নিহত হয়েছে। সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারীরও মৃত্যু হয়েছে। সহিংসতার অভিযোগে এখন পর্যন্ত সাতটি রাজ্য থেকে অন্তত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, কার্টেলের ভেতরে কোনও ধরনের পুনর্গঠন বা নতুন করে সহিংসতার আশঙ্কা আছে কি না, আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
মেক্সিকোর এই উত্তাল পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে মেক্সিকো সরকারকে মাদক কার্টেল দমনে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প লিখেছেন, মাদক ও কার্টেল নির্মূলে মেক্সিকোকে অবশ্যই তাদের প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।



