আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দেশজুড়ে ওয়ালটনের ক্রেতা ও ফুটবল প্রেমীদের জন্য এই বিশেষ জার্সি বাজারে আনা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ওয়ালটনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ওয়ালটন কেবল একটি বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি নয়, এটি বাংলাদেশের রূপান্তর ও সক্ষমতার প্রতীক। বিশ্বের ৫০টিরও বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে ওয়ালটন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আত্মবিশ্বাসকে তুলে ধরছে। তিনি আরও উল্লেখ করেন যে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যখন ওয়ালটনকে আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে বেছে নেয়, তখনই বিশ্বজুড়ে এ ব্র্যান্ডের উচ্চতর গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়।
আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে ওয়ালটনের এ অংশীদারিত্ব সম্পর্কে রাষ্ট্রদূত আরও বলেন, স্পনসরশিপ কেবল জার্সিতে লোগো প্রদর্শন নয়, বরং এটি একটি জাতির অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া। বাংলাদেশের তরুণরা যখন আর্জেন্টিনার খেলার পাশাপাশি সেখানে একটি দেশীয় ব্র্যান্ডকে দেখবে, তখন তারা বুঝতে পারবে যে বৈশ্বিক উৎকর্ষতা অর্জন করা অসম্ভব নয়। এ সহযোগিতা দুই দেশের মানুষের আবেগ ও সংস্কৃতির সংযোগকে আরও গভীর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আর্জেন্টিনার ফুটবল চেতনা ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও লাখ লাখ ভক্ত রয়েছেন যারা বিশ্বকাপ চলাকালীন আকাশী-নীল পতাকায় রাজপথ ভরিয়ে তোলেন। এ আবেগের সঙ্গে যুক্ত হতে পারা ওয়ালটনের জন্য বড় একটি প্রাপ্তি। তিনি আরও ঘোষণা করেন যে, বিশ্বকাপ চলাকালীন সারা দেশের কর্মচারী ও পরিবেশকদের নিয়ে তারা বিশেষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবেন।
উল্লেখ্য, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে ওয়ালটন ইতোমধ্যেই বড় ধরনের ব্র্যান্ডিং কার্যক্রম শুরু করেছে। মেসি-মার্টিনেজদের ছবির সঙ্গে ওয়ালটন পণ্যের প্রচারণা প্রতিষ্ঠানটিকে গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠতে সহায়তা করছে। অনুষ্ঠানে ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক সাবিহা জারিন অরনা এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



