খুলনায় টিসিবির পণ্য মজুত করে বিক্রি, গোডাউন সিলগালা

খুলনায় অবৈধভাবে টিসিবির পণ্য মজুত করে বিক্রি করার অপরাধে এক ডিলারের গোডাউন সিলগালা করা হয়েছে। পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা র্যাব-৬ ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। এ সময় খালিশপুর ও সোনাডাঙ্গা এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা এবং বয়রা বাজারে অবৈধভাবে টিসিবির পণ্য মজুত করায় এক ডিলারের গোডাউন সিলগালা করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন খুলনা র্যাব-৬-এর মুখপাত্র ও উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম।
সন্ধ্যায় র্যাব-৬-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিট থেকে বিকাল ৫টা ১০ মিনিট পর্যন্ত খালিশপুর, সোনাডাঙ্গা, বয়রা বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভোক্তা হয়রানি রোধে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বয়রা বাজারে আবুল কালাম স্টোর গোডাউন থেকে টিসিবির ৪০ কেজি খেজুর, ২০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা, ৫৪ বোতল অর্থাৎ ১০৮ লিটার তেল উদ্ধার করা হয়। পরে গোডাউনটি সিলগালা করা হয়। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের সঙ্গে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা রানী কুন্ডু এবং ভোক্তা অধিকারের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। ভোক্তাদের স্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



