এপস্টাইন ইস্যুতে এবার গ্রেফতার সাবেক ব্রিটিশ দূত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) লন্ডন পুলিশ তাকে গ্রেফতার করে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর ম্যান্ডেলসনকে গ্রেফতার করা হলো। খবর রয়টার্সের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানায়, গত সেপ্টেম্বরে ব্রিটেনের কূটনৈতিক পরিষেবার সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ থেকে বরখাস্ত হন ৭২ বছর বয়সী ম্যান্ডেলসন। এর আগে এপস্টাইনের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কের বিষয়ে জানাজানি শুরু হয়।
চলতি মাসের শুরুর দিকে পুলিশ ম্যান্ডেলসনের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু করে। এর আগে কিয়ার স্টারমারের সরকার সাবেক রাষ্ট্রদূত ও এপস্টাইনের মধ্যে হওয়া যোগাযোগের তথ্য পুলিশের কাছে হস্তান্তর করে।
এক বিবৃতিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সরকারি দায়িত্বে অসদাচরণের সন্দেহে কর্মকর্তারা ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন। পরে পৃথক এক বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে, বিষয়টি তদন্তাধীন।
এর আগে দিনের শুরুতে ম্যান্ডেলসনকে তার সেন্ট্রাল লন্ডনের বাসা থেকে বের হতে দেখা যায়। ওই সময় তার সঙ্গে সাদা পোশাক পরিহিত কয়েকজনকে দেখা যায়। ওইসব ব্যক্তির শরীরে বডি ওন ক্যামেরা ছিলো। পরে ম্যান্ডেলসনকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
রয়টার্স বলছে, গ্রেফতার হওয়ার অর্থ হলো পুলিশ একটি অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করছে। তবে, এটি কোনোভাবেই দোষ প্রমাণিত হওয়া বোঝায় না।
বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ম্যান্ডেলসনের আইনজীবী।
জানুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত ম্যান্ডেলসন ও এপস্টাইনের মধ্যকার ইমেইলগুলো থেকে দেখা যায়, জনসমক্ষের চেয়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ছিল। ২০০৯ সালে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারের একজন মন্ত্রী থাকাকালে ম্যান্ডেলসন এপস্টাইনের সঙ্গে তথ্য শেয়ার করেছিলেন।
চলতি মাসের শুরুর দিকে স্টারমারের লেবার পার্টি থেকে পদত্যাগ করেন ম্যান্ডেলসন। ছাড়েন পার্লামেন্টের উচ্চকক্ষের পদও। এপস্টাইনের সঙ্গে সম্পর্কের জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন সাবেক এ ব্রিটিশ দূত। তবে, সাম্প্রতিক প্রকাশিত তথ্য নিয়ে তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
এ মাসের শুরুর দিকে লন্ডন এবং পশ্চিম ইংল্যান্ডে অবস্থিত ম্যান্ডেলসনের বাসভবনগুলোতে পুলিশ তল্লাশি চালায়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, সোমবার ক্যামডেনের একটি ঠিকানা থেকে ম্যান্ডেলসনকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে লন্ডনের একটি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।
যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফরি এপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সরকারি পদে থেকে অসদাচরণের অভিযোগে বিদ্ধ অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল। অবশ্য গ্রেফতারের দিনই তাকে ছেড়ে দেওয়া হয়। এ ইস্যুতে অ্যান্ড্রুকে রাজকীয় উত্তরাধিকার তালিকা থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার কথা ভাবছে ব্রিটিশ সরকার।



