Uncategorized

পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আটাপাড়া ও বৃন্দাবনপাড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বগুড়া যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার দুপুরে শহরের আটাপাড়ায় ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানা ও বৃন্দাবনপাড়ায় জেমি লাচ্ছা সেমাই কারখানায় যৌথ অভিযান চালানো হয়। কারখানাগুলোতে পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো (খামির) তৈরি, অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি, অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন ও মোড়ক জাতকরণ, ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করতে দেখা দেয়।

এসব অপরাধে আটাপাড়ার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানার মালিককে এক লাখ টাকা এবং বৃন্দাবনপাড়ার জেমি লাচ্ছা সেমাই কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিকে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

বগুড়া নিরাপদ খাদ্য অফিসার রাসেল ও ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মেহেদি হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অফিস সহকারী আবদুল কাদের, ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button