Uncategorized

ভালুকায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তিয়াস মাহমুদ শুভর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস ছন্দা অভিযোগ করেছেন, তার স্বামী ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তিয়াস মাহমুদ শুভ স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোর্শেদ আলমের পক্ষে কাজ করায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ২০-২৫ জনের একটি দল ভালুকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মেজরভিটা এলাকায় তাদের বাসায় প্রবেশ করে। এ সময় নেতৃত্বে ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান প্রান্ত, তার সহযোগী ওমর ফারুক সানি ও সাগর। তারা স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জান্নাতুল ফেরদৌস ছন্দা বলেন, ‘হামলাকারীরা প্রথমে বাসার মূল ফটকে এসে আমার স্বামীকে খুঁজতে থাকেন এবং তাকে বের করে না দিলে দরজা ভেঙে ঘরে ঢুকে হত্যার হুমকি দেন। একপর্যায়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এবং প্রতিটি কক্ষ তল্লাশি করেন। হামলাকারীরা আমাকে ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি নিয়ে যান। পরে আলমারিতে থাকা ৭০ হাজার টাকা ও প্রায় তিন লাখ ৪৬ হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যান। এ সময় আমার ১০ বছর বয়সী মেয়ে ও নয় মাসের শিশুসন্তান আতঙ্কিত হয়ে পড়ে।’

থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, যাওয়ার আগে হামলাকারীরা তাদের এলাকা ছাড়ার হুমকি দেন এবং পুনরায় হামলা ও প্রাণনাশের ভয় দেখান। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা চলে যান। এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button