Uncategorized

রাজনৈতিক হয়রানিমূলক ১২০২ মামলা প্রত্যাহারের অনুমোদন

বিগত সরকারের গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এর আগে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১ হাজার ৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন করে আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

তিনি জানান, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলো বাদ রাখা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলোই বিবেচনায় নেওয়া হচ্ছে। 

সালাহউদ্দিন আহমদ বলেন, “আরও কিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট মামলাগুলো প্রকৃত অর্থে রাজনৈতিক কিনা, তা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হবে।” অপব্যবহার রোধে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ওই সময়ের পর দায়ের করা কিছু মামলায় ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশ্যে নিরীহ ও সাধারণ মানুষকে আসামি করা হয়েছে। কিছু সুবিধাবাদী গোষ্ঠী এসব মামলা করেছে, যা সরকারের নজরে এসেছে।” 

তিনি বলেন, “এসব মামলা যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হন, সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।” 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button