সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ঋতুপর্ণাদের পরখ করতে চান বাটলার

এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ শুরু হতে বেশি সময় নেই। এর আগে বুধবার অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে দলের সব খেলোয়াড়কে পরখ করে নিতে চান বাংলাদেশ কোচ পিটার বাটলার ।
অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ শুরু হবে এশিয়ান কাপের এবারের আসর। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচে দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করবে ঋতুপর্ণারা। ‘বি’ গ্রুপে বাকি দুই দল উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
তার আগে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে মঙ্গলবার চতুর্থ দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় বাটলার এই ম্যাচে মেয়েদের কাছে নিজের চাওয়া জানিয়েছেন। বাটলার বলেছেন, ‘মেয়েরা সত্যিই খুব ভালো কাজ করেছে। তাদের প্রচেষ্টায় আমি কোনও খুঁত খুঁজে পাচ্ছি না। তারা একদল সৎ মেয়ে এবং তারা যে পরিমাণ পরিশ্রম করেছে, তা দুর্দান্ত। প্রশিক্ষণের জন্য এটি একটি চমৎকার পরিবেশ, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠগুলো অসাধরণ।’
দলে ২৬ জন খেলোয়াড় আছে। প্রতিটি পজিশনে বাটলার সবাই কে দেখতে চান, ‘আমাকে বলতেই হবে অনুশীলনে মেয়েদের মনোভাব চমৎকার ছিল। তবে আমি সত্যিই বিশ্বাস করি যে, এটি তাদের জন্য কাজ শুরু করার একটি দুর্দান্ত সুযোগ। আগামীকালের ম্যাচটিকে একটি অনুশীলন ম্যাচ হিসেবে ব্যবহার করুক, আমি এটাই চাই। সুন্দর পরিবেশে এটি একটি অনুশীলন ম্যাচ এবং আরও গুরুত্বপূর্ণ হলো এটি তরুণ ও অভিজ্ঞ সব খেলোয়াড়ের জন্যই একটি বড় প্রতিযোগিতা।’
অভিজ্ঞ ও নতুন মিলিয়ে ২৬ জন খেলোয়াড় নিয়ে অস্ট্রেলিয়ায় গেছেন বাটলার। মেয়েদের আক্রমণাত্মক ফুটবলের দীক্ষাই দিয়েছেন তিনি। সেরা একাদশ বুধবার ম্যাচ থেকে ঠিক করবেন বলে জানিয়েছেন, ‘আমি জানি না, আজ রাতে বসে দলের বিষয়টি নিয়ে ভাববো। মাত্র কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি। আমরা ৩-৪-৩ নাকি ৩-৫-২ নাকি ৪-৪-২ ফরমেশনে খেলবো, সেটা মাথায় রেখে এগোতে হবে। সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমি জানি কী করতে চাই, কিন্তু আমি স্রেফ দুটি ৪৫ মিনিটের অর্ধে এটি দেখতে চাই।’
এরপরই তার শেষ কথা, ‘মেয়েদের মাথায় এটা ঢোকাতে হবে যে, আমরা পিছিয়ে আছি ঠিকই, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো আগামীকাল দুই ৪৫ মিনিটের অর্ধে মেয়েদের পরখ করে দেখার সুযোগ পাবো। আমি কাজের চাপ ভাগ করে দেবো, গেমের লোডও ভাগ করে দেবো। খেলোয়াড়দের পজিশন ও প্রাপ্যতার ভিত্তিতে সুযোগগুলো দেখবো। তাই আমাদের অন্যান্য বিকল্পগুলোও খতিয়ে দেখতে হবে এবং পজিশনগুলো নিয়েও কাজ করতে হবে।’



