অভিনয়ে নায়িকার পোষা বিড়াল ‘আলু’, আসছে ‘মিউ’

অভিনেত্রী সাদিয়া আয়মানের একটি পোষা বিড়াল আছে। তার নাম ‘আলু’। বিড়ালটি নিয়ে ‘মিউ’ নামের নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন ও ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। ছোটবেলায় তার ‘মিউ’ নামের একটি বিড়াল ছিল। একসময় সে হারিয়ে যায়। কাকতালীয়ভাবে ওয়েব ফিল্মে গল্পের সঙ্গে তার বাস্তব জীবনের এই ঘটনা মিলে গেছে। আবেগঘন পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ ও পোষা প্রাণীর প্রতি মমতার সম্মিলনে ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র জন্য তৈরি হয়েছে এই কন্টেন্ট।
সাদিয়া আয়মান বলেন, “আমার জন্য খুবই বিশেষ একটি কাজ ‘মিউ’। কারণ এতে পারিবারিক গল্পের মোড়কে পোষা প্রাণীর সঙ্গে মানুষের গভীর আবেগের সম্পর্ক খুব সুন্দরভাবে উঠে এসেছে। আমরা অনেক সময় পোষা প্রাণীকে ভালোবাসি, কিন্তু তাদের অনুভূতি কিংবা নির্ভরতার জায়গা নিয়ে ঠিকভাবে ভাবি না। আমার বিশ্বাস, ওয়েব ফিল্মটি সেই জায়গায় দর্শকদের ভাবাবে। সবার মধ্যে এই প্রশ্ন দেখা দেবে, আমাদের ওপর নির্ভরশীল প্রাণীগুলোকে আমরা কতটা যত্নে রাখি?”
নায়িকা যোগ করেন, ‘আমার নিজের পোষা বিড়াল আলু এই ওয়েব ফিল্মে কাজ করেছে, এটা আমার জন্য আলাদা আনন্দের। শুটিংয়ের সময় তাকে নিয়ে কাজ করা ছিল খুবই আবেগের ও স্মরণীয় অভিজ্ঞতা। ওর সব দৃশ্য এক টেকেই ওকে হয়েছে। পেশাদার আর্টিস্টের মতোই কাজ করেছে সে।’
গল্পে সাদিয়া আয়মানের মা, বাবা ও ভাইয়ের চরিত্রে থাকছেন যথাক্রমে আফসানা মিমি, আজিজুল হাকিম ও রাকিব হোসেন ইভন। মা চরিত্রটি প্রসঙ্গে আফসানা মিমি মজার ছলে বলেন, ‘প্রতিটি পরিবারে মা একটি রাজনৈতিক চরিত্র!’ তার ভাষায়– ‘পরিবার নামের কাঠামোটি অনেকটা রাষ্ট্রের মতোই, যেখানে মা একজন পরিচালক। পরিবারকে ধরে রাখতে মা কখনও বকা দেন, কখনও ভালোবাসেন, আবার কখনও কাউকে বঞ্চিতও করেন। গল্পে সেই বাস্তবতাই উঠে এসেছে। সেই সঙ্গে রয়েছে পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে মেনে নেওয়ার চ্যালেঞ্জ।’
অভিনেতা রাকিব হোসেন ইভন ‘মিউ’কে মসলামুক্ত শহুরে নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প হিসেবে বর্ণনা করেছেন। তাকে দেখা যাবে রাফি চরিত্রে। তিনি বলেন, ‘দায়িত্ব ও প্রত্যাশার চাপে বড় ছেলের বটগাছ হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা এবং তার অসহায়ত্ব চরিত্রটিকে খুব মানবিক করে তুলেছে। আমার বিশ্বাস, দর্শকেরা সহজেই নিজেদের অভিজ্ঞতার সঙ্গে এই চরিত্রকে মিলিয়ে নিতে পারবেন।’
‘মিউ’ পরিচালনা করেছেন আতিক জামান। তার প্রত্যাশা, ওয়েব ফিল্মটি দর্শকদের মন ছুঁয়ে যাবে। তিনি বলেন, ‘এটি মূলত একটি পরিবারের গল্প, তবে পোষা প্রাণীর উপস্থিতি আলাদা মাত্রা এনে দিয়েছে এতে। যদিও এই ফিল্মের মূল শক্তি পরিবারের সদস্যদের হরেক অনুভূতি, সম্পর্কের জটিলতা ও ভাঙাগড়ার ভেতরেই নিহিত। প্রতিটি পরিবারে থাকে ভালোবাসা, অভিমান, দায়বদ্ধতা ও নীরব নির্ভরতার গল্প। কখনও সেই গল্পে মানুষ কথা বলে, কখনও নরম লোমশ প্রাণী নীরবে জায়গা করে নেয় পরিবারের হৃদয়ে।’
নির্মাতা আতিক জামান বলেন, ‘গল্পটা শুরুতে যেমন ছিল, শেষ পর্যন্ত আর তেমন থাকেনি। বিভিন্ন রকম যুক্তি-তর্কের পর আমরা একটি পারিবারিক ও মানবিক গল্প দাঁড় করাতে পেরেছি বলে মনে হচ্ছে। একটি পরিবারের মধ্যকার সব ধরনের অনুভূতি এই গল্পে রয়েছে। এর সঙ্গে পোষা প্রাণী একটা বাড়তি আবেদন যোগ করেছে। আমি বলবো, বিড়ালটি মোড় ঘুড়িয়ে দিয়েছে বা নতুন এক উপলব্ধি তৈরি করেছে।’
ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, কাব্যকথা প্রতীতি, তামান্না হক বর্ণা। ‘মিউ’ গল্পটি লিখেছেন মো. আলম ভূঁইয়া। নির্মাতা ও গল্পকার মিলে লিখেছেন চিত্রনাট্য ও সংলাপ। ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আগামী ৪ মার্চ দিবাগত রাত ১২টায় (৫ মার্চ)।



