‘ট্রাইব্যুনালের বিচার প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে’

‘রাজসাক্ষী বানিয়ে বাণিজ্য’সহ বিভিন্ন মাধ্যমে আনীত অভিযোগ অসত্য ও বানোয়াট বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়েছে, কিছু সংখ্যক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে আমার সুস্পষ্ট বক্তব্য, ওই তথ্যগুলো অসত্য, বানোয়াট, বিদ্বেষপ্রসূত ও কাল্পনিক। তিনি ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই তথ্য ছড়াচ্ছেন বলে আমি মনে করি।
গাজী এমএইচ তামিম বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলছি, আমার বিরুদ্ধে আনিত কোনও অভিযোগ কেউ প্রমান করতে পারবেন না। সাবেক চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামের নেতৃত্বে আমাদের প্রসিকিউশন টিম কর্তৃক পরিচালিত জুলাই গণহত্যা ও গুমের বিচার প্রক্রিয়া দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। সাবেক চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামের বিদায়কালে এ ধরনের অপপ্রচার ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের প্রত্যেক সদস্যের সুনাম ক্ষুণ্ন করবে; যাতে করে লাভবান হবেন গণহত্যাকারীরা আর সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন জুলাই গণঅভ্যুত্থান এবং অভ্যুত্থানে শহীদ ও আহত ভুক্তভোগীরা।
তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের মিথ্যাচার ও ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান।



