দীর্ঘতালিকা ঘোষণা

ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০২৬–এর দীর্ঘতালিকা ঘোষণা করা হয়েছে। বুখমান ফিলানথ্রপিসের আর্থিক সমর্থনে আয়োজিত এ বছরের তালিকায় স্থান পেয়েছে মোট ১৩টি বই। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ অনুবাদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দেয়।
২০২৬ সালের বিচারক প্যানেলের সভাপতি ছিলেন পুরস্কারপ্রাপ্ত লেখক নাতাশা ব্রাউন। তার সঙ্গে ছিলেন লেখক, সম্প্রচারক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত ও জনসাধারণের বিজ্ঞান-অনুধাবন বিভাগের অধ্যাপক মার্কাস দু সোতোয়; ইন্টারন্যাশনাল বুকার-সংক্ষিপ্ততালিকাভুক্ত অনুবাদক সোফি হিউজেস; লেখক, ‘লোলওয়ে’ সাময়িকীর সম্পাদক ও বইবিক্রেতা ট্রয় অনিয়াঙ্গো; এবং পুরস্কারপ্রাপ্ত ঔপন্যাসিক ও কলামিস্ট নিলাঞ্জনা এস. রায়।
১ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬–এর মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ইংরেজিতে অনূদিত ও প্রকাশিত ১২৮টি দীর্ঘ উপন্যাস বা ছোটগল্পসংকলন থেকে বাছাই করে এই নির্বাচন করা হয়েছে। ৫০ হাজার পাউন্ড আর্থিকমূল্যের এই পুরস্কারের অর্থ বিজয়ী লেখক ও অনুবাদকের মধ্যে সমানভাবে ভাগ করা দেওয়া হয়।
ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০২৬–এর দীর্ঘতালিকা:
- তাইওয়ান ট্রাভেলগ (Taiwan Travelogue)
- দ্য ওয়াক্স চাইল্ড (The Wax Child)
- উইমেন উইদাউট মেন (Women Without Men)
- দ্য উইচ (The Witch)
- দ্য ডিউক (The Duke)
- অন আর্থ অ্যাজ ইট ইজ বেনিথ (On Earth As It Is Beneath)
- দ্য ডিরেক্টর (The Director)
- শি হু রিমেইন্স (She Who Remains)
- স্মল কমফোর্ট (Small Comfort)
- দ্য ডিজার্টার্স (The Deserters)
- দ্য রিমেম্বার্ড সোলজার (The Remembered Soldier)
- উই আর গ্রিন অ্যান্ড ট্রেম্বলিং (We Are Green and Trembling)
- দ্য নাইটস আর কোয়ায়েট ইন তেহরান (The Nights Are Quiet in Tehran)
দীর্ঘতালিকার বৈশিষ্ট্য:
- ১১টি ভাষা থেকে অনূদিত হয়েছে ১৩টি বই।
- ১৪টি দেশের লেখক ও অনুবাদকরা প্রতিনিধিত্ব করছেন।
- ৩টি অভিষেকগ্রন্থের সঙ্গে ১৩ জন পূর্ববর্তী মনোনীত ব্যক্তি রয়েছেন এবং ৫টি পুরোনো লেখক-অনুবাদক জুটিও আছেন।
- ২টি বই ৩০ বছরেরও বেশি আগে তাদের মূল ভাষায় প্রকাশিত হয়েছে।১টি বই ইরানে নিষিদ্ধ, যার লেখক লেখালেখির কারণে পূর্বে কারাবন্দি ছিলেন।
- মনোনীতদের মধ্যে আছেন পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, পর্বত ও বনভূমির ইতিহাসবিদ, পরিবেশ ও নারীবাদী আন্দোলনের কর্মী, এবং মাঙ্গা, চিত্রনাট্য ও কবিতার লেখকরা।
আগামী ৩১ মার্চ সংক্ষিপ্ততালিকা ঘোষণা করা হবে। সংক্ষিপ্ততালিকায় থাকা প্রতিটি বই পাবে ৫ হাজার পাউন্ড।
১৯ মে ২০২৬, লন্ডনের টেট মডার্নে বিজয়ী বইয়ের নাম ঘোষণা করা হবে।



