নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে দেওয়া হবে না: ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, করপোরেট মাফিয়ারা এখনও বহাল রয়েছে। তবে অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করে রমজানে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে, সেভাবে এবার আর জনগণের পকেট কাটতে দেওয়া হবে না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার মৌলভীবাজার আর বাদামতলীতে ভোক্তা অধিকার ও স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর সময় এ কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবেই এই অভিযানে এসেছেন তিনি। সম্প্রতি ভোক্তা অধিকারের অভিযানে বাধা দেওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, ব্যবসায়ী সমিতি আর ভোক্তা অধিকারের মাঝে ভুল বোঝাবুঝি দূর করতেই জনপ্রতিনিধি হিসেবে ভূমিকা রাখছেন।
প্রতিমন্ত্রী বলেন, রমজান এলেই কালোবাজারি আর অতিরিক্ত মজুত করে একটি পক্ষ নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এতে ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। তাই ভোক্তা অধিকার সবসময় অভিযান চালাতে পারে।



