অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক স্বাস্থ্যকর্মী নিহত

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে জেলা সিভিল সার্জন অফিসের সাবেক এক স্বাস্থ্যকর্মী নিহত নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিসিক শিল্পনগরী সংলগ্ন যোগাযোগ মোড়ে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত স্বাস্থ্যকর্মীর নাম আজিজুর রহমান (৬৩)। তিনি কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত কোল্ড চেইন টেকনিয়শিয়ান ছিলেন। বগুড়ার নন্দিগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী সরকারের ছেলে। তবে চাকরি সূত্রে কুড়িগ্রামে বসবাস করতেন। আহত ব্যক্তির নাম আব্দুল মতিন (৫৮)। তার বাড়ি জেলা শহরের প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মুন্সিপাড়া গ্রামে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে আজিজুর ও মতিন মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বিসিক শিল্পনগরী এলাকার দিকে যাচ্ছিলেন। উলিপুর থেকে কুড়িগ্রামগামী একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আজিজুর ও মতিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল মতিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি স্থানীয় লোকজন আটক রেখেছে বলে জানা গেছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



