প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ বিচার প্রভাবিত করবে না: চিফ প্রসিকিউটর

সাম্প্রতিক সময়ের বেশকিছু ঘটনাকে কেন্দ্র করে প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করবো ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব, আমার মাধ্যমে কোনও নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবেন না। কোনও অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে বিচার থমকে যাওয়ার কোনও ব্যাপার নেই। এটা আমাদের অভ্যন্তরীণ পরিবার। এখানে অনেক কিছুই হয়। এ জন্য পরিবার কি চলে না? আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি, সবাই একই পরিবারের সদস্য। তাই আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হবে, আবার সমাধানও হবে।



