ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে

তিন দশক ধরে ভৌতিক-থ্রিলার চলচ্চিত্রপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজ। ভয় ও রহস্যে ভরা এর সপ্তম কিস্তি ‘স্ক্রিম ৭’ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে উপভোগ করা যাবে আমেরিকান স্ল্যাশার ছবিটি (কারও পিছু নিয়ে ধারালো হাতিয়ার দিয়ে খুনের চিত্র)।
‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজের সপ্তম কিস্তি হলো তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘স্ক্রিম ৬’-এর সিক্যুয়েল। সিরিজের মূল লেখক কেভিন উইলিয়ামস। ‘স্ক্রিম ৭’-এর মাধ্যমে প্রথমবার পরিচালকের আসনে বসেছেন তিনি। এবারের পর্বে ভূতের অবয়বধারী এক নতুন ভয়ঙ্কর খুনির গল্প বলা হয়েছে, যে সিডনি প্রেসকটের মেয়ে ট্যাটামকে টার্গেট করে। এ কারণে নিজের অতীতের মুখোমুখি হয় সিডনি। ২০২৫ সালের জানুয়ারিতে ছবিটির চিত্রগ্রহণ শুরুর পর মার্চ মাসে শেষ হয়।
আগের বিভিন্ন পর্বে অভিনয় করা তারকাদের মধ্যে নতুন কিস্তিতে আছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড ও কোর্টনি কক্স। নতুন যুক্ত হয়েছেন ইসাবেল মে, আনা ক্যাম্প, মিশেল র্যান্ডেলফ, জিমি ট্যাট্রো, ম্যাকেনা গ্রেস, আসা জার্মান, সেলেস্ট ও’কনোর, স্যাম রেচনার, মার্ক কনসুয়েলোস, টিম সায়মন্স ও জোয়েল ম্যাকহেল। গোস্টফেসের কণ্ঠস্বর হিসেবে যথারীতি অভিনয় করেছেন রজার এল. জ্যাকসন।
ভক্তরা মনে করছেন, ‘স্ক্রিম ৭’ হতে পারে শেষ অধ্যায়। তবে নতুন পর্বটি বড় সাফল্য পেলে ভবিষ্যতে আরও সিক্যুয়েল আসতে পারে।



