মালয়েশিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত প্রবাসীকে ফেরত পাঠানোর পর ঢাকায় আটক

মালয়েশিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। তার নাম মাসুদুর রহমান। দেশে ফেরার পর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের একাধিক সূত্র জানায়, মাসুদুর রহমান মালয়েশিয়ায় অবস্থানকালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এই অভিযোগে তাকে গ্রেফতারও করে সে দেশের পুলিশ। পরে বুধবার টাকে দেশে ফেরত পাঠায়।
সূত্র জানায়, বুধবার বিকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হলে শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে থানায় হস্তান্তর করেছেন। তাকে থানাতেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



