স্পর্শকাতর বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি, দাবি জামায়াতের

9সম্প্রতি একটি দৈনিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন রাষ্ট্র প্রধান। জানান অনেক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। জনসমক্ষে এসব স্পর্শকাতর বিষয় প্রকাশ করে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাহাবুদ্দিন।
জামায়াত মনে করে, রাষ্ট্রপতির সাক্ষাৎকারে উঠে আসা তথ্য দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। রাষ্ট্রপতির সাক্ষাৎকারের এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াত থেকে এসব দাবি করা হয়।
বৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. সাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমি তাঁর এ সাক্ষাৎকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, একজন রাষ্ট্রপতি হিসেবে তাঁর বক্তব্য জাতির সামনে নতুন বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত ও পরিমিত বক্তব্য দেওয়া অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে মহামান্য রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য দিতে হবে এবং রাষ্ট্রের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় আরও সতর্ক থাকতে হবে।



