আজ প্রোটিয়াদের সামনে ওয়েস্ট ইন্ডিজ, রাতে নামছে ভারত-জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গ্রুপ–১ এর সার্বিক অবস্থা আজকেই পরিষ্কার হতে যাচ্ছে। বৃহস্পতিবার চেন্নাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে চমক দেখানো জিম্বাবুয়ের। ম্যাচটা মাঠে গড়াবে সন্ধ্যা ৭-৩০ মিনিটে। অন্যদিকে, আহমেদাবাদে দিনের প্রথম ম্যাচে লড়বে ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বিকাল সাড়ে ৩টায় ম্যাচটা মাঠে গড়াবে। দুটি ম্যাচই দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
প্রথম ম্যাচ হেরে যাওয়াতে কঠিন সমীকরণের মধ্যে রয়েছে ভারতীয় দল। শেষ দুই ম্যাচে জয়ের পাশাপাশি তাদের এখন প্রার্থনাতেও বসতে হচ্ছে! আজ যেমন দিনের শুরুর লড়াইয়ে এইডেন মারক্রামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার জয়ই চাইবে সূর্যকুমার যাদবরা। সেক্ষেত্রে আজকের ম্যাচসহ বাকি দুই সুপার এইটের ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের ভাগ্য অনেকটাই নিজেদের হাতে রাখতে পারবে তারা।
উল্টো দিকে, জিম্বাবুয়ে চাইবে ওয়েস্ট ইন্ডিজের জয়। তাতে চলতি আসরে তাদের অবিশ্বাস্য যাত্রায় সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও জোরদার হবে।
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে নেট রানরেট -৩.৮০০–তে নেমে গেছে ভারতের। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দু’দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। ফলে আজ প্রোটিয়াদের হোঁচট ভারতের সমীকরণ আরও জটিল করে তুলতে পারে। তেমন পরিস্থিতিতে ভারতকে নিজেদের সব ম্যাচ তো জেতা লাগবেই, পাশাপাশি জিম্বাবুয়েকে তখন আবার দক্ষিণ আফ্রিকাকেও হারাতে হবে- যা প্রোটিয়াদের ফর্ম বিবেচনায় প্রায় অবিশ্বাস্য। যদিও এরই মধ্যে অস্ট্রেলিয়া ও সহ-আয়োজক শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে।
ভারতের জন্য দুশ্চিন্তার আরও বিষয় আছে। ভাবনায় আছে ওপেনিং জুটিও। ওপেনার অভিষেক শর্মা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। টানা তিন ম্যাচে শূন্য ফিরেছেন। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ বলে ফিরেছেন মাত্র ১৫ রানে। যা দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। ফলে আজকে একটা পরিবর্তন সম্ভাব্য হয়ে উঠেছে। ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও জানিয়েছেন, পরিবর্তনের কথা, ‘পরিবর্তন হতে পারে। অবশ্যই আমরা আলোচনা করছি, কারণ দুই ওপেনারই বাঁহাতি, তিন নম্বরও বাঁহাতি।’
সব কিছু ছাপিয়ে অবশ্য মূল কথা হচ্ছে, আজকের দুই ম্যাচের ফলাফল সেমিফাইনালের পথ পরিষ্কার করতে বড় প্রভাব ফেলবে। নির্ধারণ হয়ে যাবে ভাগ্য।



