Uncategorized

এনআইডি সংশোধনে অনিয়ম, কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত

নিয়ম বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজার দুই বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, মো. সেলিম রেজা, উপজেলা নির্বাচন অফিসার, মির্জাগঞ্জ, পটুয়াখালী (প্রাক্তন কার্যালয়: মঠবাড়ীয়া, পিরোজপুর) এর বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অভিযোগ ওঠে। সার্ভারে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং মাধ্যমিক সনদ সংযুক্ত থাকা সত্ত্বেও তা বিবেচনায় না নিয়ে তিনি জাতীয় পরিচয়পত্রে তথ্য পরিবর্তন করেন।

এ ঘটনায় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং-২১/২০২৫) রুজু করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আদেশে আরও বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা কারণ দর্শানোর জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তিনি আনীত অভিযোগ স্বীকার করেন। পরবর্তীতে নিযুক্ত তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত মর্মে প্রতিবেদন দাখিল করেন। স্বীকারোক্তিমূলক বক্তব্য, তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে কর্তৃপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্তে উপনীত হয়।

সার্বিক বিবেচনায় তাকে ‘অসদাচরণ’-এর দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(২)(খ) অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য একাদিক্রমে দুইটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থায়ীভাবে স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগীয় মামলা নং-২১/২০২৫ নিষ্পত্তি করা হয়েছে বলেও ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button