কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে: গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সকাল পৌনে ১১টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে পৌঁছালে ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
প্রধান কার্যালয়ে প্রবেশের আগে উপস্থিত সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন গভর্নর বলেন, এসেছি, কাজ শুরু করি। তারপর কথা বলা যাবে।
দায়িত্ব গ্রহণের পর দিনের প্রথমভাগে ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান এবং প্রধান অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এরপর নির্বাহী পরিচালকদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। দুপুর দেড়টায় তার সচিবালয়ে যাওয়ার কর্মসূচি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে বুধবার সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ করে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে এই প্রথম কোনও ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। নতুন গভর্নরের সামনে ব্যাংক খাতের সংস্কার, খেলাপি ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।



