চীনা বাহিনীকে প্রশিক্ষণ, যুক্তরাষ্ট্রের সাবেক এফ-৩৫ প্রশিক্ষক গ্রেফতার

চীনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক এক অভিজ্ঞ পাইলটকে গ্রেফতার করা হয়েছে। জেরাল্ড এডি ব্রাউন জুনিয়র (৬৫) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশটির পারমাণবিক অস্ত্র বহনকারী ব্যবস্থা ও অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান সম্পর্কিত সংবেদনশীল তথ্য ও প্রশিক্ষণ চীনা বাহিনীকে সরবরাহ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের জেফারসনভিল থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মার্কিন অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রাউন চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (পিএলএএএফ) পাইলটদের প্রশিক্ষণ দিয়ে অস্ত্র রফতানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছেন।
১৯৯৬ সালে মেজর পদমর্যাদা থেকে অবসরে যাওয়ার আগে ব্রাউন দীর্ঘ ২৪ বছর মার্কিন বিমানবাহিনীতে কাজ করেছেন। তার কর্মজীবনে তিনি এফ-৪ ফ্যান্টম, এফ-১৫ ও এফ-১৬-এর মতো বিভিন্ন ধরনের যুদ্ধবিমান চালিয়েছেন। অবসরের পর তিনি দুটি মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানে সিমুলেটর ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেন, যেখানে তিনি মার্কিন পাইলটদের এফ-৩৫ এবং এ-১০ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দিতেন।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে চলতি মাসের শুরু পর্যন্ত ব্রাউন দুই বছরেরও বেশি সময় চীনে কাটিয়েছেন। সেখানে পৌঁছানোর প্রথম দিনেই তিনি মার্কিন বিমানবাহিনী নিয়ে তিন ঘণ্টা প্রশ্নের উত্তর দেন এবং দ্বিতীয় দিনে নিজের দক্ষতা নিয়ে ব্রিফিং করেন। পরে তিনি চীনা পাইলটদের প্রশিক্ষণ কাজে নিযুক্ত হন।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) নিউ ইয়র্ক শাখার সহকারী পরিচালক জেমস বার্নাকল বলেন, ‘ব্রাউনের এই বিশ্বাসঘাতকতা আমাদের সংবেদনশীল সামরিক কৌশলকে উন্মোচিত করেছে, যা আমাদের জাতি, সশস্ত্র বাহিনী এবং মিত্রদের নিরাপত্তার জন্য বড় হুমকি।’
অ্যাভিয়েশন অ্যানালিস্ট পিটার লেটন সিএনএনকে জানান, চীন সম্ভবত মার্কিন পারমাণবিক অস্ত্র সরবরাহ পদ্ধতি এবং রাডার এড়িয়ে এফ-৩৫ বিমান পরিচালনার কৌশল সম্পর্কে জানতে ব্রাউনকে ব্যবহার করেছে। এমনকি সাধারণ উড্ডয়ন ও অবতরণ প্রশিক্ষণ থেকেও চীনা বাহিনী মার্কিন বাহিনীর কৌশল সম্পর্কে ধারণা পেতে পারে।
তদন্তে দেখা গেছে, ব্রাউন একজন সহযোগী ষড়যন্ত্রকারীর মাধ্যমে চীনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যার সঙ্গে স্টিফেন সু বিন নামের এক চীনা নাগরিকের সংশ্লিষ্টতা ছিল। সু বিন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের সামরিক তথ্য চুরির অপরাধে দণ্ডিত হয়েছিলেন। এর আগে ২০১৭ সালে ড্যানিয়েল ডুগান নামের আরেক সাবেক মার্কিন মেরিন পাইলটকেও চীনা পাইলটদের প্রশিক্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে বলেছেন, ‘আমি পরিস্থিতি সম্পর্কে অবগত নই।’



