টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুর্নীতির মামলায় গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর পলাতক এই আসামির গ্রেফতারের নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কোন টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি দলিল মূলে ফ্ল্যাটের এর দখল বুঝে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
তদন্তের বরাত দিয়ে আবেদনে আরও বলা হয়, আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ইষ্টার্ণ হাউজিং লিমিটেড এর অনুকূলে গুরুতর অনিয়মের কারণে হস্তান্তরযোগ্য ছিলো না তা জানা সত্ত্বেও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার আপন খালা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সুবাদে এবং প্রধানমন্ত্রীর আপন ভাগ্নি হওয়ায় তাদের দলীয় প্রভাবিত রাজউকের আইন উপদেষ্টা হওয়ার সুবাদে রাজউকের আইন কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইষ্টার্ণ হাউজিং লিমিটেডকে আমমোক্তার অনুমোদনপূর্বক ও ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন করিয়ে অবৈধ সুবিধা দেয়া ও নেয়ার মাধ্যমে অপরাধজনক যড়যন্ত্রের অংশ হিসেবে ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে- ১১এ, ১১বি (নতুন), রোড নং ৭১, গুলশান বিনা মূল্যে গ্রহণ করেন বিধায় তার বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়। কিন্তু মামলা দায়েরের পূর্বেই আসামী টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং মামলা প্রমাণে সহায়ক প্রমানাদি ও আলামত বিনষ্ট করার চেষ্টা করছে বিধায় তাকে গ্রেফতার করা প্রয়োজন। তবে, আসামি ইতোমধ্যে দেশত্যাগ করায় তাকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন।



