ভাটারায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত এ তথ্য জানান।
নোয়াখালীর সোনাইমুড়ীর টাটোয়ারী বাড়ীর খোরশেদ আলীর মেয়ে মাহমুদা। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
এসআই আব্দুল ওয়াদুত বলেন, বুধবার দিবাগত রাত পোনে ১টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সে ভাড়া বাসায় থেকে পড়াশোনা করতো। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সহপাঠীদের বরাদ দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, সে হতাশায় ভুগছিল। হতাশা থেকেই সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত করে ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।



