সেমিতে যেতে নিউজিল্যান্ড-পাকিস্তানকে যা করতে হবে

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ–২ থেকে নির্ধারিত একটি স্পটে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ফলে শেষ চার নিশ্চিত করার লড়াই এখন কেবল নিউজিল্যান্ড ও পাকিস্তানের।
বুধবার শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে তিন পয়েন্ট ও +৩.০৫০ নেট রানরেট নিয়ে সুবিধাজনক জায়গায় আছে নিউজিল্যান্ড। শুক্রবার সুপার এইটের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই পাঁচ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে। সেক্ষেত্রে দুই সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ভারতে।
তবে ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারায়, তাহলে সমীকরণ ভিন্ন হবে। ইংল্যান্ড ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে, আর পাকিস্তানের সামনে তখন শেষ চারের সুযোগ তৈরি হবে। তবে এক্ষেত্রে শ্রেয়তর নেট রানরেট অর্জন করতে হবে সালমান আগাদের।
এক পয়েন্ট ও -০.৪৬১ নেট রানরেট নিয়ে থাকা পাকিস্তানকে প্রথমে আশা করতে হবে ইংল্যান্ডের জয়। এরপর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। যাতে নিউজিল্যান্ডের চেয়ে ভালো নেট রানরেট অর্জন করা যায়।



