নিম্নআয়ের মানুষের ভরসা ফুটপাতের ইফতারি

রমজান মাস চলছে। রাজধানীর বিভিন্ন হোটেল থেকে শুরু করে নানা স্থানে তৈরি হচ্ছে বাহারি ইফতার সামগ্রী। এছাড়াও ব্যস্ত নগরীর রাস্তার পাশে বসেছে বুট-মুড়ি-ছোলার দোকান। রাস্তার পাশে বসা এইসব দোকানের ইফতার সামগ্রীই রাজধানীর নিম্ন আয়ের মানুষের ভরসা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকাঘুরে দেখা গেছে, রাস্তার পাশে ইফতারির ছোট ছোট দোকান বসেছে। ফুটপাতে বসা এসব দোকান থেকে ইফতারি কিনছে নিম্নআয়ের মানুষ। মৌসুমি এই ইফতার ব্যবসায়ীরাই নিম্নআয়ের মানুষের ইফতারির চাহিদা মেটাচ্ছেন।
রামপুরা-ডেমরা সড়কের পাশে মেরাদিয়া বাজার। সড়কের এক পাশে বুট, মুড়ি, ছোলা আর জিলাপি নিয়ে বসেছেন আবুল হোসেন। অটোচালক হলেও রমজানের প্রথম দিন থেকেই ইফতারির দোকান নিয়ে বসেছেন তিনি।
আবুল হোসেন বলেন, মুড়ি, বুট জিলাপি বাসাতেই তৈরি করে নিয়ে আসি। বাইরের লোকজনের পাশাপাশি অটোচালক, রিকশাচালকরা আমার ক্রেতা। আবার আশপাশের দোকারিরাও এখান থেকে ইফতারি কেনেন।
তিনি বলেন, বড় লোকরা আর এখানে আসে না। যারা খেটে খাওয়া মানুষ বা বাজারে ছোট-খাট ব্যবসা করেন তারাই ইফতারি কিনতে আসেন।
রামপুরা ব্রিজের কাছে ইফতারি নিয়ে বসেছেন আখতার হোসেন। তিনিও বুট, মুড়ি, ছোলা, জিলাপি নিয়ে বসেছেন। তিনি জানান, রমজানের প্রথম দিন থেকে চলছে তার এই ব্যবসা। বাসের শ্রমিক, যাত্রী থেকে শুরু করে রিকশা, অটোরিকশা চালকরা তার ইফতারি কেনেন। আবার অনেকে বাড়ির জন্যও ইফতার নিয়ে যান।
রামপুরা বাজারের ফুটপাতে সাইদ আহমেদ বসেছেন ইফতারি নিয়ে। তার দোকানে কথা হয় ক্রেতা রফিকের সঙ্গে। তিনি জানান, তিনি পেশায় অটোচালক। তার দামি ইফতারি কেনার সামর্থ্য নেই। বাসায় স্ত্রী আর এক মেয়ে আছে। তাদের জন্য ইফতারি নিয়ে বাসায় যাবেন।
ইফতারি কিনতে দেখা যায় রমজান নামে আরেক ব্যক্তিকে। দিনমজুরের কাজ করেন তিনি। রমজান বলেন, যা আয় তার মধ্যেই চলতে হয়। ইফতারে এর চেয়ে বেশি আমাদের আর সামর্থ্য নাই। পাশের দোকানের দামি ইফতারি দেখে লোভ করলে কি আমাদের চলে?



