ভারতের সঙ্গে কথা হয়েছে, ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভারতের সঙ্গে কথা হয়েছে। ভারতের হাইকমিশনার আসছে। ওনারা ইতিবাচক যেন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়। আমাদের বাংলাদেশের নাগরিকরা যাতে ওখানে যেতে পারে সেই ব্যবস্থা ওনারা করছেন। সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, নির্বাচন পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। এই দল ও পক্ষের নামে মারামারি কোন্দল এইগুলা বন্ধ করতে হবে।
তিনি বলেন, মারামারি করে হাসপাতালে যাওয়া লাগে- মামলা হয় হামলা হয়। এগুলো করে আসলে আমাদের কোনও লাভ হয় না। মারামারি বন্ধ করে বল্লভদী, যদুনন্দী, সোনাপুর ও উপজেলার সমস্ত উন্নয়ন করা যায় আমাদের ভাইবোনদের ভবিষ্যতের জন্য কীভাবে কাজ করা যায় শিক্ষার ব্যবস্থা কীভাবে উন্নতি করা যায় রাস্তাঘাট কীভাবে ঠিক করা যায় সেই দিকে আমাদের কাজ করতে হবে। এই জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজকে আমি এখানে এমপি-মন্ত্রী হিসেবে আসিনি। আপনাদের সন্তান হিসেবে সবসময় আপনাদের মেয়ে/সন্তান হিসেবে কথা বলি। আমৃত্যু পর্যন্ত আপনাদের মেয়ে/সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আর কোনও পরিচয় আমার দরকার নাই। আমাদেরকে যারা ভোট দিয়েছে এবং আমাদেরকে যারা ভোট দেয় নাই আমি সবার এমপি আমি। শুধু বিএনপির এমপি না। সুতরাং এই অত্র এলাকার যত মানুষ আছে ভাইবোনরা আছে মুরুব্বিরা আছে সবার পাশে কিন্তু আমার বাবা কে এম ওবায়দুর রহমান ছিল। উনি এমপি মন্ত্রী থাকতেও ছিল যখন কিছু ছিল না তখনও আপনাদের পাশে ছিল। আমি অত্র এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।



